ছবি সংগৃহীত -----
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ১২ নম্বর গুনবতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আকদিয়া গ্রামে ঘরের ওপর গাছের পাতা পরাকে কেন্দ্র করে বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। এতে মারাত্মক আহত হয়েছেন ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মফিজ।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘরের চালের ওপর গাছের পাতা পরা নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে সামান্য তর্কাতর্কি শুরু হয়। বাহ্যিকভাবে বিষয়টি পারিবারিক ঝামেলা মনে হলেও, এর জেরে কিশোর গ্যাং নেতা মারুফের নেতৃত্বে একদল সন্ত্রাসী ও কিশোর গ্যাং সদস্য এই হামলা চালায়। হামলায় ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মফিজ গুরুতর আহত হন।
এলাকাবাসীর অভিযোগ, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হামলা চালানো হলেও এর পেছনে ভিন্ন রাজনৈতিক দলের ক্যাডারদের ইন্ধন ও হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। রাজনৈতিক আশ্রয়ে থাকা কিশোর গ্যাং সদস্যদের মাধ্যমে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সচেতন এলাকা। পারিবারিক বিরোধকে সামাজিক ও রাজনৈতিক রূপ দিয়ে সংঘটিত এই হামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন স্থানীয়রা। একই সঙ্গে কিশোর গ্যাং মারুফসহ জড়িত সকল হামলাকারী ও ইন্ধনদাতাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনার জোর দাবি জানানো হয়।