
ছবি সোশ্যাল মিডিয়া সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি সংকট নিরসনে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের ২৮ নম্বর মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন কাজের উদ্বোধন করা হয়েছে। এই কূপ থেকে আজ থেকে দৈনিক ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জ্বালানি খাতের সংকট কাটিয়ে উঠতে ২০৩০ সালের মধ্যে দেশে ১৫০টি কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। যার মধ্যে বর্তমানে ২৭টি কূপ খনন প্রক্রিয়া চলমান রয়েছে এবং এর মধ্যে তিতাস ২৮ নম্বর কূপ অন্যতম। এই কূপটিতে আরও ৩টি খনন প্রক্রিয়া চলছে, যা সফল হলে আরও ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকারের নির্দেশনায় দেশীয় উৎপাদন বাড়ানোর জন্য সর্বশক্তি প্রয়োগ করা হয়েছে। আমদানিনির্ভরতা কমিয়ে দীর্ঘমেয়াদে অর্থনীতিকে শক্তিশালী করতে এবং ২০৩০ সালের মধ্যে গ্যাসের চাহিদা ও সরবরাহের ব্যবধান পূরণ করতে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো একযোগে কাজ করে যাচ্ছে।