শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌদ্দগ্রামে গাছের পাতা পরা নিয়ে বিরোধ: কিশোর গ্যাংয়ের হামলায় যুবদল নেতা মফিজ আহত, সুষ্ঠু তদন্তের দাবি কখন ফল খাওয়া সবচেয়ে বেশি উপকারী? যা বলছে গবেষণা মিশন আচার্যের নিয়োগ শিগগিরই, জানালেন রাশেদ খাঁন সংবাদ প্রকাশের পর সিকৃবি ভিসি আলিমুলের বিদায় উদ্যোক্তাদের জন্য ৯৯টি এআই প্রম্পট, সহজ হবে পণ্যের প্রচারণা শনির চাঁদে প্রাণের সন্ধানে নতুন আশার আলো ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের নিয়োগের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী সপ্তাহের সেরা ১০ চাকরি: জেনে নিন ১২৭৩ পদের বিবরণ (২৫ সেপ্টেম্বর—১ অক্টোবর) সাবেক মেয়র, কাউন্সিলর ও চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা ড. নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

সংবাদ প্রকাশের পর সিকৃবি ভিসি আলিমুলের বিদায়

  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পঠিত

সিকৃবির বিদায়ী উপাচার্য ড. মো. আলিমুল ইসলাম। ছবি : সংগৃহীত—-

 

অনলাইন ডেস্কঃ

শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য ড. মো. আলিমুল ইসলামকে শেষ পর্যন্ত বিদায় নিতে হলো। মেয়াদ শেষ হওয়ার পর বিভিন্ন মন্ত্রণালয় ও নেতাদের কাছে ধরনা দিয়েও শেষ রক্ষা হয়নি। ভিসির নানা অনিয়মের বিরুদ্ধে ফুঁসে ওঠেন সাধারণ শিক্ষার্থীরাও ।

এদিকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এগ্রিকালচারাল এক্সটেনশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগে অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্যাহ মজুমদার।

সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ দেওয়া হয়।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে তিনি চার বছর মেয়াদে অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত উপাচার্য পদে দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, উপাচার্য হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

নানা অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা নিয়ে গত ৭ মে ‘বেপরোয়া সিকৃবি ভিসি’ শিরোনামে দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশিত হয়।

সংবাদে ভিসি অধ্যাপক ড. আলিমুল ইসলামের নানা অপকর্ম উঠে আসে। ২০২৪ সালের ১৭ অক্টোবর সিকৃবির ভিসি নিযুক্ত হওয়ার পর নিয়মনীতির তোয়াক্কা না করে নিজস্ব নিয়মে চলতে থাকেন। যাকে ইচ্ছা তাকে করেছেন শোকজ।

ঠুনকো বিষয়ে বহিষ্কার ও বরখাস্ত করেছেন বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষার্থীকে প্রশাসনিক পদগুলোয় বিএনপিপন্থি শিক্ষকদের বাদ দিয়ে পদায়ন করা হয়েছিল আওয়ামী ও জামায়াতপন্থি শিক্ষকদের। উন্নয়নকাজে ব্যাপক আর্থিক অনিয়মে জড়িয়েছেন তিনি।

জাতীয় নির্বাচনের সময় তড়িঘড়ি করে দিয়েছেন শিক্ষক-কর্মকর্তা নিয়োগ। ২০২৫ সালের ১০ ডিসেম্বর ও ২০২৬ সালের ১ জানুয়ারি আট শিক্ষক ও ২২ কর্মচারী নিয়োগ দেওয়া হয়।

এর মধ্যে পাঁচজন সরাসরি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। জামায়াতপন্থি শিক্ষকদের নিয়ে গোপনে নিয়োগ বোর্ড গঠন করে এ নিয়োগ দেন তিনি। সব শর্ত পূরণ না করেও অনেকে নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ ছিল।

এছাড়া ওই সময় নিয়োগ পাওয়া আরও ২২ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ১২ জনের বাড়িই ছিল উপাচার্যের নিজ এলাকায়। বিশ্ববিদ্যালয়টির প্রকৌশল দপ্তরের সেকশন অফিসার শহিদুল ইসলামকে চলতি বছরের ২০ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চিকিৎসা ছুটি দেওয়া হয়। অথচ ওই সময় একটি মামলায় কারাগারে ছিলেন বলে জানায় বিশ্ববিদ্যালয়টির নির্ভরযোগ্য একটি সূত্র।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, প্রশাসনিক ৫১টি পদের মধ্যে সর্বোচ্চ ৩১টি পদে আওয়ামীপন্থি শিক্ষকদের নিয়োগ দেন। এর বাইরে ছয়টি পদে জামায়াত ও ১৪টি পদে বিএনপিপন্থি শিক্ষকদের পদায়ন করেছেন। বিএনপিপন্থি শিক্ষক ১৪ জনকে বিভিন্ন পদে নিয়োগ দিলেও রেজিস্ট্রারসহ ছয়টি পদ থেকে আবার বাদ দিয়েছেন বিএনপিপন্থি শিক্ষকদের।

এ বিষয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের অধ্যাপক ড.নাসরিন সুলতানা লাকী নতুন ভাইস চ্যান্সেলরের কাছে তিনিসহ নির্যাতিত শিক্ষকদের ন্যায়সঙ্গত সমাধান চান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিগত সময়ে শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া প্রতিহিংসামূলক সিদ্ধান্তগুলোও বিবেচনায় আনা জরুরি।

সাবেক ভাইস চ্যান্সেলরের অনিয়মের বিষয়ে কালবেলা সাহসিকতার যে সাহসিকতার পরিচয় দিয়েছে এ জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্যাহ মজুমদার কালবেলাকে বলেন, বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার পর একদিন মাত্র অফিস করেছি। রোববার (৪ অক্টোবর) থেকে নিয়মিত দায়িত্ব পালন করব। শিক্ষার্থীদের বিদ্যমান সমস্যা এবং শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের কেউ বৈষম্যের শিকার হয়ে থাকলে বিষয়টি যাচাই করে সমাধান করা হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান অনুযায়ী কারও সঙ্গে অন্যায় করা হয়ে থাকলে তা দ্রুত সমাধান করা হবে। সিকৃবিকে একটি ব্যতিক্রমধর্মী বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে আমার ভালো পরিকল্পনা রয়েছে। তবে বাস্তবায়নের আগে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বুঝে ও পর্যালোচনা করে পরিকল্পনা সাজাতে হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর